ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, পটুয়াখালীতে ৪ পরিবহনে জরিমানা
পটুয়াখালী করেসপনডেন্ট
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০১:৩৩ এএম
ঢাকা থেকে নাড়ির টানে গ্রামের বাড়িতে আসছে অনেকেই। ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পটুয়ায়াখালীতে চারটি যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত পটুয়াখালীর লেবুখালীর পাগলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় সাকুরা পরিবহনকে ৪ হাজার টাকা, ইমরান ট্রাভেলস ও নারায়নগঞ্জ ট্রাভেলসকে ২ হাজার টাকা করে এবং ডলফিন পরিবহনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমানুল আশ্রাফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ৭৫০ টাকার ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ১০০ টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের কাউন্টার সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/এমএইচআর