খালেদা জিয়ার স্মরণে ইউসিএসআই ইউনিভার্সিটিতে শোকসভা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বনানী ক্যাম্পাসের হলরুমে আয়োজিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহ।
ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও অধিকারকর্মী শামসুল আলম লিটন এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট আনিজা পারভিন। খালেদা জিয়ার সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর মেজর (অব.) এনামুল করিম।
শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জাহিদুল হক জুবায়ের। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং তার সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষার্থী আশফিয়া মাশিয়াত ইসলাম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন।
প্রধান অতিথি প্রফেসর ড. মাহবুব উল্লাহ বলেন, গণতন্ত্র, দেশ ও জনগণের স্বার্থে খালেদা জিয়া ছিলেন আপসহীন ও অবিচল। সংকটকালে তিনি শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের পরামর্শ নিতেন। এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়া, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার মতো সিদ্ধান্তগুলো জাতীয় স্বার্থে নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, এই বিশ্বাসেই তিনি আজীবন অটল ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শামসুল আলম লিটন বলেন, নির্যাতন, কারাবরণ ও ব্যক্তিগত বেদনার মধ্যেও খালেদা জিয়া জাতীয় স্বার্থ থেকে একচুলও সরে যাননি। আনিজা পারভিন বলেন, নারীর শিক্ষা ও উন্নয়নে তার নেওয়া উদ্যোগের সুফল আজ গবেষণা ও নেতৃত্বে নারীদের অগ্রগতিতে দৃশ্যমান।
/এমএমএইচ