প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমনের বাবা ও সাবেক শিক্ষক নেতা আবুল বাশার মারা গেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাশার মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার পশ্চিম বেজগাঁও গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।
শুক্রবার শ্রীনগর স্টেডিয়ামে বাদ জুমা মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাশুরগাও সাবেক ফেরিঘাট সংলগ্ন গোরস্তানে দাফন করা হয় তাকে। গত ২৪ ফেব্রুয়ারি মরহুমের স্ত্রী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জোৎস্না বেগম ইন্তেকাল করেন।
মরহুমের একমাত্র ছেলে প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন ইউরোপে অবস্থান করায় জানাজায় অংশ নিতে পারেন নি। সুমন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার ইতালি প্রতিনিধি হিসেবেও কাজ করছেন তিনি।
/এমএইচআর