কাতারে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনায় কাতারে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখার পরামর্শ-ও দেওয়া হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস।
কাতারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থী বলেও সতর্ক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েকদফা আলোচনার পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথহামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ দেশটি পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়।
অন্যদিকে, ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
এদিকে, জরুরি প্রয়োজনে দোহায় বাংলাদেশের দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল: [email protected]–এ যোগাযোগ করতে বলা হয়েছে।
/এমএন