×
Logo

বিজ্ঞান ও প্রযুক্তি

মানুষের কল্যাণে এআই নিয়ে কাজ করে যেতে চান জোয়ান জাং

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম

মানুষের কল্যাণে এআই নিয়ে কাজ করে যেতে চান জোয়ান জাং

চলতি বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (এআই) গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য টাইম ম্যাগাজিন ১০০ জনের তালিকা প্রকাশ করেছে। আজ থাকছে এমন একজনের গল্প, যিনি এআই ইন্ডাস্ট্রিতে বিচরণ করছেন সুনামের সঙ্গে।

ডাল-ই, জিপিটি-৪ এবং ভয়েস মডেলগুলোর ক্ষমতা ও আচরণ পর্যবেক্ষণ করার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডে নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন জোয়ান জাং।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেছেন জোয়ান। এরপর টেক জায়ান্ট গুগলে প্রাকৃতিক ভাষা বোঝার (Natural Language Understanding) ওপর কাজ করেছেন তিনি। দীর্ঘদিন গুগলে কাজ করার পর স্যাম অল্টম্যানের ওপেন এআইতে বিহেভিয়ার ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব নেন তিনি।

চ্যাটবটে ভাষাগত মডেল তৈরিসহ এআই ডেভেলপমেন্ট ফিল্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি ফোর্বস ম্যাগাজিনের একশ’ প্রভাবশালী উদ্ভাবকের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন।

তিনি বিশ্বাস করেন, ওপেন এআই-এর প্রডাক্ট যদি ব্যবহারকারীদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে 'সম্পূর্ণভাবে ব্যবহার' হয়, তাহলেই তার কাজের প্রকৃত সফলতা আসবে।

২০২২ সালে চ্যাটজিপিটি প্রি-রিলিজ ভার্সন ব্যবহার করে তিনি এআই মডেলগুলোর বিহেভিয়ার নিয়ে কাজ করে ব্যাপক সফলতা লাভ করেন এবং এই ক্ষেত্রে নিজের কারিয়ারকে অন্য এক উচ্চতায় নিয়ে যান।

তিনি মনে করেন, যতক্ষণ পর্যন্ত এটি ব্যবহারে মানুষের কোন ক্ষতি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই কাজ করার মধ্যে ব্যাপক আনন্দ রয়েছে।

'মানুষের বিকল্প তৈরি করার সক্ষমতা এআই-এর রয়েছে কি না, সেটি নির্ধারণ করা কিংবা বিতর্কিত এমন প্রশ্নের উত্তর দেয়া এআই-ল্যাবের কর্মীদের কাজ নয় বলে জানান জোয়ান।

তিনি বলেন, 'আমাদের হয়তো ব্যক্তিগত মতামত থাকতে পারে। এআই ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহারকারীদের সাবধান থাকতে হবে। কারণ, এআই ব্যবহার করে অনৈতিক কাজ করা সম্ভব। কিন্তু আমাদের দায়িত্ব গেটকিপার হওয়া নয়। নতুন নতুন এআই প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করা।'

এই সফল এআই বিশেষজ্ঞ মনে করেন, যদি এআই-এর আচরণ সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়, তাহলে ভবিষ্যতে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসবে এটি।

সূত্র: টাইম ম্যাগাজিন।

/এআই

Logo