ভারতীয় মসুর ডালের দাম দেড় মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম
বাংলাদেশের জনপ্রিয় খাবার মসুর ডাল। ভাত কিংবা খিচুড়ি— এই আইটেম না থাকলে যেন আহারে মন ভরে না। এই মুহূর্তে দেশে মসুর ডালের চাহিদা প্রায় ৭ লাখ টন। যার মাত্র তিনভাগের একভাগ দেশে উৎপাদন হয়। বাকি পুরোটাই আসে ভারত, অস্ট্রেলিয়া, নেপাল ও কানাডা থেকে।
সেই মসুর ডালের (চিকন বা ভারতীয় মুসর ডাল বলে পরিচিত) দাম গত দেড় মাস ধরে লাফিয়ে বাড়ছে। কিছুদিন আগেও খুচরা বাজারে যে পণ্যের কেজি ছিল ১২৫ টাকার আশপাশে। এখন তা দেড়শ টাকা।
যদিও মাঝারি সাইজের দেশি মোটা ডালের দাম আগের মতোই ৯৫ থেকে ১শ' টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। খুব একটা আলোচনা নেই মুগ, খেসারি ও বুটের ডাল নিয়ে।
এদিকে, রোজার ৫ মাস আগেই ডালের দাম কৌশলে বাড়িয়ে নেয়া হচ্ছে কি না, তা নিয়ে বিস্তর আলোচনা। যদিও সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন ডিলাররা।
তারা জানালেন, মসুর ডালের সবচেয়ে বড় রফতানিকারক কানাডা। আর তার সবচেয়ে বড় ভোক্তা ভারত। পশ্চিমা সেসব দেশের চালানের কিছু ভারত হয়ে বাংলাদেশেও আসে।
খরা ও তাপমাত্রা বাড়ার কারণে কানাডায় উৎপাদন কমায় বেড়েছে দাম। তার ওপর বিদেশি ডালের ওপর ১০ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছে ভারত। তাই খরচে কুলাচ্ছে না।
চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সার্বিক ডাল আমদানিতে হাতবদল হয়েছে ২০ হাজার কোটি টাকা। যার বড় অংশই মসুর ডালে।
/এমএন